নিজস্ব প্রতিবেদন,দ্য সহজ পাঠ ডেস্ক : পুজোর মরশুম শেষ হতেই রাজ্যে শুরুই হবে ভোটের ব্যস্ততা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতা, হাওড়া সহ সাতটি পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন।
যে সাতটি পুরসভায় ভোট হওয়ার কথা, সেগুলি হল কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। এই সাত পুরসভা মিলিয়ে প্রায় ৬৩০০টি বুথে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে।
ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য নির্বাচন কমিশন। কোথায় কত ইভিএম লাগবে, কত ভোটকর্মী প্রয়োজন এবং ভোটকেন্দ্রের পরিকাঠামো কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পাঠানোর কাজ শুরু হতে পারে বলেই জানা গিয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট হতে পারে ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে। যদিও এখনও ভোটের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পুরো নির্বাচনী প্রক্রিয়া ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
এই সাত পুরসভার মধ্যে বিশেষ নজরে রয়েছে কলকাতা ও হাওড়া। হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে কোনও নির্বাচন হয়নি। ২০১৩ সালে শেষবার নির্বাচন হয়েছিল। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রশাসক নিয়েই পুর পরিষেবা চলছে।
অন্যদিকে, কলকাতা পুরসভার ওয়ার্ড সংরক্ষণ নিয়েও প্রক্রিয়া চলছে। ফলে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।