নিজস্ব প্রতিবেদন, দ্য সহজ পাঠ ডেস্ক : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবির উপর ‘ধর্ষ*’ লেখার অভিযোগ ঘিরে কড়া বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান মন্ত্রী।
জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, স্বামী বিবেকানন্দের ছবির উপর এই ধরনের আপত্তিকর শব্দ লেখা উচ্চশিক্ষা দপ্তর ও রাজ্য সরকার মেনে নেবে না। ঘটনার তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। এবিভিপির তরফেও কলকাতা পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট পুলিস কমিশনার ও তাঁর দল খতিয়ে দেখবেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন মন্ত্রী।
এদিন বক্তব্যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবিতে লাথি মারার অভিযোগের প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর দাবি, গত ১৫ দিনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরপর এই ধরনের ঘটনা ঘটেছে। এর পিছনে উপদ্রব সৃষ্টিকারী একটি অংশ রয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।