এক সাক্ষাৎকারে ছবির প্রকাশিত ঝলক নিয়ে নিজের মতামত জানান মুকেশ। বিশেষ করে একটি দৃশ্য তাঁর নজরে এসেছে, যেখানে গাছে উঠে রামকে তির ছুড়তে দেখা যায়। অভিনেতার বক্তব্য, রামায়ণ পাঠ এবং দীর্ঘদিন রামলীলা দেখার অভিজ্ঞতায় রামের যে রূপ তাঁর মনে গেঁথে রয়েছে, এই দৃশ্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মুকেশের কথায়, রাম নিঃসন্দেহে দক্ষ ধনুর্ধর এবং ভগবান বিষ্ণুর অবতার। কিন্তু যুদ্ধের দৃশ্যকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন রামকে আধুনিক সময়ের অ্যাকশন হিরোর আদলে তৈরি করা হচ্ছে। তাঁর অভিযোগ, রামের চরিত্রে সলমন খান, অমিতাভ বচ্চন বা রজনীকান্তের মতো অ্যাকশন তারকার ছাপ এনে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, রামকে যদি ‘মর্যাদা পুরুষোত্তম’-এর বদলে শুধুই শক্তিশালী যোদ্ধা হিসেবে তুলে ধরা হয়, তাতেও আপত্তি রয়েছে বলে জানান মুকেশ। তাঁর প্রশ্ন, রাম যদি একাই এতটা যুদ্ধক্ষম হতেন, তা হলে রামায়ণের কাহিনিতে বানরসেনার প্রয়োজনই বা কেন পড়ত?
এর আগেও ‘রামায়ণ’ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন মুকেশ খন্না। রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’ ছবির প্রভাব রামের চরিত্রে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। যদিও ‘অ্যানিম্যাল’-এর চরিত্র ও রামের চরিত্রের মধ্যে কোনও মিল নেই—এমন কথাও মুকেশ নিজেই স্বীকার করেছিলেন।