নিজস্ব প্রতিবেদন, দ্য সহজ পাঠ : পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফেরানো নিয়ে রাজ্যে ফের শুরু হয়েছে আলোচনা। বামফ্রন্ট সরকারের আমলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়া হয়েছিল। ২০০৯ সালে ইউপিএ-২ সরকারের আমলে শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত এই ব্যবস্থা উঠে যায়। পরে ২০১৮ সালে মোদি সরকার আইন সংশোধন করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানোর সুযোগ দিলেও পশ্চিমবঙ্গে তা চালু হয়নি।
সম্প্রতি স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের কাছে পাশ-ফেল ফেরানোর দাবিতে পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়ার কথা সামনে এসেছে। রাজ্যের স্কুল সিলেবাস ও কারিকুলাম এক্সপার্ট কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ও এই প্রথা ফেরানোর পক্ষে। বিভিন্ন মহলের প্রস্তাব বিবেচনা করে শিক্ষা দফতরে সুপারিশ করার কথা জানিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
২০১৮ সালের সংশোধিত আইন অনুযায়ী, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে অকৃতকার্য পড়ুয়াদের দু’মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে হবে। তাতেও উত্তীর্ণ না হলে সংশ্লিষ্ট শ্রেণিতে আটকে রাখা যেতে পারে। তবে তার আগে বিশেষ সহায়ক ক্লাস বাধ্যতামূলক। এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত রাজ্যগুলির উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল।
পড়ুয়াদের পড়াশোনার মান নিয়ে উদ্বেগ জানিয়ে পাশ-ফেল ফেরানোর পক্ষে সওয়াল করেছে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। একই দাবিতে স্মারকলিপি দিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতিও। তবে অন্য রাজ্যে এই ব্যবস্থা চালু হলেও তা নিয়ে সমালোচনা রয়েছে। ফলে পাশ-ফেল ফেরানো নিয়ে রাজ্য সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সবার।