নিজস্ব প্রতিবেদন,দ্য সহজপাঠ ডেস্ক : বড়বাগান মোড়ে একা ও অসহায় অবস্থায় পড়ে থাকা প্রায় ৮০ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। স্থানীয়দের নজরে আসে, একটি চায়ের দোকানের সামনে বসে কাঁদছিলেন ওই বৃদ্ধা। এরপর স্থানীয়রাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী ও ছেলে দু’জনেই মারা গিয়েছেন। নিকট আত্মীয়দের বাড়িতেই এতদিন থাকতেন তিনি। তবে কীভাবে তিনি বড়বাগান মোড়ে এসে পৌঁছলেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পাথরচাপুরি নিয়ে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে সেখানে আনা হয়েছিল। কিন্তু অভিযোগ, এরপর বড়বাগান মোড়ে তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় সঙ্গীরা। ফলে একা ও অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকতে হয় তাঁকে।
পরে প্রশাসনের উদ্যোগে ওই বৃদ্ধার ঠাঁই হয়েছে সিউড়ি পৌরসভার সেন্টার হোমে। পরিবারের সন্ধান পেতে ভাতার থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের খোঁজ না মেলা পর্যন্ত হোমেই থাকবেন তিনি। এদিকে, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফেও আজ ওই বৃদ্ধাকে সহযোগিতা করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারকে খুঁজে বের করে তাঁকে নিরাপদ আশ্রয় দেওয়ার চেষ্টা চলছে।