নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : শিক্ষা ব্যবস্থার একাধিক সমস্যা নিয়ে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। জরাজীর্ণ স্কুল ভবন, ক্লাসে পড়ুয়ার চাপ, শিক্ষক ঘাটতি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আন্দোলনকারীদের তরফে এই কর্মসূচিকে ‘অ্যাক্ট ৩’ বা ‘লা গ্রঁদ মবিলাইজাসিওঁ’ অর্থাৎ ব্যাপক গণ-আন্দোলন হিসেবে অভিহিত করা হয়েছে।
বুধবারও বিক্ষোভের আঁচ দেখা যায় রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্তে। একাধিক স্কুলে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে বিকেলে প্যারিসের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে বড় মিছিল করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই ৪০০-র বেশি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের বেশ কিছু স্কুলের পরিকাঠামো অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। সেগুলির সংস্কার ও উন্নয়নে আরও বেশি সরকারি বিনিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন অনুপস্থিত থাকা শিক্ষকদের জায়গায় দ্রুত বিকল্প শিক্ষক নিয়োগ এবং শিক্ষক সংকট মেটানোর দাবিও উঠেছে।
ক্লাসে পড়ুয়ার সংখ্যা কমানো, অতিরিক্ত চাপযুক্ত সময়সূচিতে পরিবর্তন এবং বিভিন্ন এলাকার স্কুলগুলির মধ্যে সুযোগ-সুবিধার বৈষম্য দূর করার দাবিও রয়েছে আন্দোলনকারীদের তালিকায়।
বিক্ষোভ সামাল দিতে রাস্তায় নামে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অন্তত ৫০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের জেরে প্যারিস-সহ ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে নতুন করে চাপ তৈরি হয়েছে প্রশাসনের উপর।