নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : ভারতের অন্যতম জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)। আর এই শোয়ের সঙ্গে অমিতাভ বচ্চনের নাম যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর গম্ভীর কণ্ঠ, সাবলীল সঞ্চালনা এবং প্রতিযোগীদের সঙ্গে সহজ যোগাযোগ বছরের পর বছর ধরে দর্শকদের মুগ্ধ করেছে। তবে কেবিসি-র মঞ্চে সঞ্চালনার জন্য ‘বিগ বি’ কত পারিশ্রমিক নেন, তা নিয়ে ফের শুরু হয়েছে চর্চা।
সূত্রের দাবি, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ এর প্রতিটি এপিসোড সঞ্চালনা করার জন্য অমিতাভ বচ্চন আনুমানিক ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যদিও এই অঙ্কের বিষয়ে নির্মাতা বা অভিনেতার তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সূত্রনির্ভর বলেই জানা যাচ্ছে।
কেবিসির প্রথম সিজন শুরু হয়েছিল ২০০০ সালে। সেই সময় প্রতি এপিসোডের জন্য অমিতাভের পারিশ্রমিক ছিল প্রায় ২৫ লাখ টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। অর্থাৎ গত ২৬ বছরে তাঁর প্রতি এপিসোডের পারিশ্রমিক বহুগুণ বেড়েছে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেবিসির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই অমিতাভ বচ্চনের তারকা,ইমেজ এবং ব্র্যান্ড ভ্যালুও আরও শক্তিশালী হয়েছে। একাধিক সিজনে তাঁর পারিশ্রমিক নিয়ে বিভিন্ন অঙ্কের খবর প্রকাশ্যে এসেছে।
২০২৬ সালে এসে কেবিসি-র ১৮তম সিজনে প্রতি এপিসোডে প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিকের দাবি সত্যি হলে, ছোট পর্দায় তাঁর দীর্ঘ সঞ্চালক-জীবনের অন্যতম বড় পারিশ্রমিক হতে চলেছে এটি। তবে মোট পারিশ্রমিক নির্ভর করতে পারে এপিসোডের সংখ্যা, চুক্তির শর্ত এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়ের উপর।
তাই ২৫ লাখ থেকে ৫ কোটি কেবিসির দীর্ঘ যাত্রায় অমিতাভ বচ্চনের পারিশ্রমিকের এই পরিবর্তন নিঃসন্দেহে নজরকাড়া। তবে প্রকাশিত অঙ্কটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।